২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুদ্ধাপরাধীর তালিকা করবেন মেয়র মহিউদ্দিন

চট্টগ্রামের অন্তত পাঁচশ যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করে শিগগির সরকারকে দেবেন বলে জানিয়েছেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অন্তত পাঁচশ যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করে শিগগির সরকারকে দেবেন বলে জানিয়েছেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শনিবার দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে তার চশমা হিলের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। তালিকা প্রসঙ্গে মেয়র বলেন, "মুক্তিযোদ্ধা হিসেবে সেসময় কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তা আমরা জানি। সরকার তালিকা দেখে নিজের মতো করে ব্যবস্থা নেবে।" নিজে কখনো যুদ্ধাপরাধীদের সঙ্গে আত্মীয়তা করেননি বলেও দাবি করেন মেয়র মহিউদ্দিন। গত বছরের সেপ্টেম্বরে ঈদুল ফিতরের একদিন পর নিজ বাসায় বিএনপির বিতর্কিত নেতা সালাহউদ্দিন কদের (সা কা) চৌধুরীকে দাওয়াত করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সিটি মেয়র। মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন একাত্তরের ঘাতকদের সামাজিকভাবে বয়কটে নগরবাসীর প্রতি আহবান জানান। যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার কোন রাজনীতি নয়, এটি একটি জাতীয় ইস্যু। বিএনপি কোন পক্ষ নিলে আমরা তাদের প্রতিহত করব না। আমরা বিচারের পক্ষে জনমত সৃষ্টি করব।" যুদ্ধপরাধীদের বিচারের পক্ষে জনমত গড়ে তুলতে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ডে একশ জন দলীয় কর্মী এবং অন্য রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের ব্যক্তিদের মধ্য থেকে ৫০ জনকে নিয়ে কমিটি করা হচ্ছে বলেও জানান মেয়র। মতবিনিময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুও উপস্থিত ছিলেন। সাংবাদিকরা আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে মেয়র বলেন, "এ মুহূর্তে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলবো না। নির্বাচন কমিশন আগে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক, তারপর দেখা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৯ ঘ.