২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচারে আ. লীগকে ক্ষমতায় এনেছে জনগণ'

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 08:33 PM

মেহেরপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ছিলো বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। তাই জনগণ এই সরকারকে বিপুল সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে।" মুজিবনগর দিবসে শনিবার মেহেরপুরের মুজিবনগরে এক মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেন। নির্বাচনী অঙ্গীকার পূরণে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। দেশকে এবার যুদ্ধাপরাধীমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের আরেকবার অতদ্র প্রহরীর মতো কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকাল সাড়ে ১০টায় সৈয়দ আশরাফের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টারা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জাতীয় পতাকা উত্তোলনের সময় দেশের প্রথম সরকারকে গার্ড অব অর্নার দেওয়া মেহেরপুরের ১২ আনসার সদস্যের মধ্যে জীবিত চার আনসার সদস্যের নেতৃত্বে একটি দল নেতাদের গার্ড অব অর্নার দেয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াৎ করেন প্রথম সরকারের শপথে তেলাওয়াৎকারী মেহেরপুর মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক মো. বাকের আলী এবং গীতা পাঠ করেন ননী গোপাল ভট্টাচার্য্য। ননী '৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথে গীতা পাঠ করেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মেহেরপুরের তৎকালীন মহকুমা প্রশাসক (এসডিও) তৌফিক-ই-এলাহী চৌধুরী, স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনামন্ত্রী আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সংসদের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, তৎকালীন এসডিপিও মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ খুলনা বিভাগের সংসদ সদস্য, দলীয় নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯২২ ঘ.