২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে নিয়মিত আপিলের সুযোগ রাখার দাবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে আসামিদের নিয়মিত আপিলের সুযোগ রাখার দাবি জানিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 08:52 AM

Updated : 24 Aug 2022, 08:32 PM

ঢাকা এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে আসামিদের নিয়মিত আপিলের সুযোগ রাখার দাবি জানিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা। শুক্রবার এক সেমিনারে তারা বলেন, এ আইনে সঠিকভাবে বিচার সম্ভব নয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত মার্চ মাসে ট্রাইব্যুনাল গঠন করে সরকার। এর তদন্ত সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে ওই সেমিনারের আয়োজন করে 'দি ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস (এনএফপিএইচআর)'। সাবেক স্পিকার ও বিএনপির সংসদ সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকার এ সংগঠনের প্রধান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি টিএইচ খান বলেন, "আইনে আন্তর্জাতিক শব্দটি থাকলেও এর ভেতরে আন্তর্জাতিক কিছু নেই। শুধু ট্রাইব্যুনাল গঠন করে বিচার করলেই হবে না। সেখানে তাদের নিয়মিত আপিলের সুযোগও থাকতে হবে।" তিনি আইনটি সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেন। ইন্টারন্যাশাল ওয়ার ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট (সংশোধিত) আইনে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আইনে দণ্ডিতদের আপিলের সুযোগ রাখা হয়েছে। তবে তা করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আর রায়ের ৬০ দিনের মধ্যে তা করতে হবে। আইনমন্ত্রী শফিক আহমেদ বলে আসছেন, একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি রক্ষা করা হবে। সভাপতির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, "কারো মা-বোন-ভাইকে হত্যার বিচার চাওয়ার অধিকার কেয়ামত পর্যন্ত আছে। কিন্তু সেটা হতে হবে ন্যায়বিচার। এ আইনের মাধ্যমে ন্যায়বিচার সম্ভব নয়।" ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, "প্রহসনের বিচার করবেন না। আপনারা যেন নিজেরাও বিচারের কাঠগড়ায় না দাঁড়ান।" সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন, আব্দুর রাজ্জাক, এলিনা খান, জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া প্রমুখ। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ আইনের মাধ্যমে নির্দোষ ব্যক্তিরাও হয়রানির শিকার হতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২০২০ ঘ.