২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বয়কটের আহ্বান মেয়র মহিউদ্দিনের

একাত্তরের যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 04:20 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল ছলে-বলে-কৌশলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্থ করার চক্রান্ত করছে। মেয়র নগরবাসীকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, "কোনো ষড়যন্ত্র, কোনো শক্তিই যুদ্ধাপরাধের বিচার প্রলম্বিত করতে পারবে না।" মঙ্গলবার বিকালে লালদীঘি মাঠে সামাজিক অধিকার রক্ষা আন্দোলন আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সতর্ক করে দিয়ে মেয়র মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের প্রতিরোধ এবং সহযোগীতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে সামাজিক অধিকার রক্ষা আন্দোলনের কমিটি গঠন করা হবে। একাত্তরে মানুষ হত্যাসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কখনোই ক্ষমা করা হবে না। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সিপিবি নেতা শাহ আলম, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ফাহিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু হানিফ, জাসদের জসিম উদ্দিন বাবুল, পেশাজীবী নেতা প্রকৌশলি দেলোয়ার মজুমদার, সাংবাদিক আবু সুফিয়ান, নাজিমুদ্দীন শ্যামল, অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১৭ ঘ.