চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা হয়েছে।
মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর মহল্লার রহিমা বেগম (৬৮)।
বিচারক বাসুদেব রায় মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আসামিরা হলেন- শহরের রেহাইচর মহল্লার নজরুল ইসলাম (৬০), সাইদুল রহমান (৮০), ফজলুর রহমান (৮৫), লতিফুর রহমান ওরফে লুকা (৭৫), বিশু (৮০) ও নজরুল ইসলাম ফুকা (৮০)। মামলায় তাদের রাজাকার বলা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর পাকবাহিনীর সহায়তাকারী এই ছয় রাজাকার বাড়ি থেকে তার (বাদীর) স্বামী গিয়াস উদ্দীনকে ধরে নিয়ে যায়। ওইদিনই শহরের পাশে মহানন্দা নদীর চরে নিয়ে তাকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24