২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তথ্য-প্রমাণ দিলো আসক

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারে সরকার গঠিত তদন্ত সংস্থার কাছে সে সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারে সরকার গঠিত তদন্ত সংস্থার কাছে সে সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার সংস্থার নির্বাহী পরিচালক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পুরানো হাইকোর্ট ভবনের কার্যালয়ে সংস্থার প্রধান আব্দুল মতীনের কাছে তাদের কাছে সংরক্ষিত স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ ও উপাত্ত তুলে দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধাপরাধসহ মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে সরকার গত ২৫ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ অনুসারে বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে। গঠিত আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনালের কাছেও বুধবার একই ধরনের তথ্য-প্রমাণ ও উপাত্ত দিয়েছে আসক। এর আগে গত ৪ এপ্রিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য, দালিলিক প্রমাণ ও গ্রন্থ তদন্ত সংস্থাকে দেয় ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এ কমিটির দাবি বিভিন্ন অপরাধীর বিষয়ে তাদের তথ্য-প্রমাণ 'অকাট্য'। কমিটির আহ্বায়ক ড. এম এ হাসান জানান, তাদের দেওয়া ১৭৭৫ জন অপরাধীর তালিকায় জামায়াতে ইসলামী, বিএনপি ছাড়াও সরকারি দলের সংসদ সদস্যের নামও রয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরও তদন্ত সংস্থাকে এ নিয়ে তাদের সংগ্রহীত তথ্য-উপাত্ত দিয়ে সাহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছে। তথ্য-উপাত্ত জমা দেওয়া পর সুলতানা কামাল সাংবাদিকদদের বলেন, "আমরা ৯০-এর দশক থেকে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে আসছি। পাশাপাশি আপরাধীদের অপরাধ প্রমাণ করে এমন তথ্য-প্রমাণও সংগ্রহ করছি।" তিনি বলেন, "আমাদের কাছে থাকা বিভিন্ন তথ্য-প্রমাণ ও উপাত্ত তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করেছি।" কী ধরনের তথ্য-প্রমাণ জমা দিলেন জানতে চাইলে সুলতানা কামাল জানান, পাকিস্তান সরকারের করা রাজাকারদের গেজেট, একাত্তরে নির্যাতনকারীদের নাম ও আলোকচিত্র, নির্যাতনের চিত্র, বিভিন্ন ঘটনার তথ্যসম্বলিত কিছু গ্রন্থ ও ভিডিও সিডি হস্তান্তর করা হয়েছে। আসকের যেসব বুলেটিনে আপরাধীদের নাম ও ঘটনার শিকারদের ভাষ্য রয়েছে তাও জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ট্রাইব্যুনাল যদি অপরাধীদের অপরাধ সম্পর্কে সন্তুষ্ট বা নিশ্চিত হন, তাহলে অপরাধীদের গ্রেপ্তার কিংবা তাদের গতিবিধির ওপর নজরদারি, এক এলাকা থেকে অন্য এলাকায়, এক জেলা থেকে অন্য জেলা বা দেশ ত্যাগে বাধা দিতে পারে। কেননা বিচারের জন্য অপরাধীদের উপস্থিতি জরুরি। তবে অপরাধী হলেও তাদের আইনগত অধিকার নিশ্চিত করতে হবে।" মঙ্গলবার ময়মংসিংহে আওয়ামী লীগের একজন সাংসদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে হওয়া মামলার প্রসঙ্গ তুলে একজন সাংবাদিক প্রশ্ন করেন- সরকারি দলে যেসব অপরাধী আছে তাদেরও বিচার দাবি করেন কি না? জবাবে সুলতানা কামাল বলেন, "আমরা কোনো দলের বিচার চাই না। চাই অপরাধীর বিচার। তার অবস্থান যেখনেই হোক না কেন তার বিচার আমরা চাই।" প্রতিনিধিদলে নীনা গোস্বামী, টিপু সুলতান, অবন্তী নূরুল, জাফরিন সাত্তার, সাইদ আহমেদ এবং আবু ওবায়দুর রহমান ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এজে/১৭৩০ ঘ.