জামালপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে জামালপুরের আদালতে।
মামলার আসামি হলেন- আব্দুল কাইয়ুম মুন্সী। তিনি বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের বাবা।
মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বকশিগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের সিদ্দিক আলী।
হাকিম জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বকশিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট জুলহাস উদ্দিন।
বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এই মামলা করা হয়েছে।
বাদি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় মালিরচর নয়াপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম মুন্সী এলাকায় বদর বাহিনী গঠন করেন। ১৯৭১ সালের ২০ নভেম্বর তিনি ও তার সহযোগীরা বাদির জেঠা ডেবরাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। তারা অনেকের বাডি-ঘর পুড়িয়ে দেয় এবং লুটপাট চালায়।
মামলার আরজিতে বাদি বলেন, ডেবরা ওই সময় ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24