ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য, দালিলিক প্রমাণ ও গ্রন্থ তদন্ত সংস্থাকে দিয়ে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে, বিভিন্ন অপরাধীর বিষয়ে তাদের তথ্য-প্রমাণ 'অকাট্য'।
রোববার দুপুরে কমিটির আহ্বায়ক ড. এমএ হাসান এসব তথ্য-প্রমাণ হস্তান্তর করেন।
গত ২৫ মার্চ গঠনের পর তদন্ত সংস্থা ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে তথ্য প্রমাণ চায়।
হাসান জানান, তাদের দেওয়া অপরাধীর তালিকায় জামায়াতে ইসলামী, বিএনপি ছাড়াও সরকারি দলের সংসদ সদস্যের নামও রয়েছে।
জামায়াতের সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলামের নাম রয়েছে এতে।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দলটির কয়েকজন এবং সরকার দলের সংসদ সদস্যসহ কয়েকজনের নামও তালিকায় রয়েছে বলে জানান হাসান।
তথ্য-প্রমাণ গ্রহণের পর তদন্ত সংস্থার প্রধান আব্দুল মতীন সাংবাদিকদের বলেন, "এসব তথ্য-প্রমাণ অপরাধীদের অপরাধ প্রমাণে সহায়তা করবে।"
যুদ্ধাপরাধীর তালিকার বিষয়ে হাসান বলেন, "২০০৮ সালের ৮ এপ্রিল ১৭৭৫ জন অপরাধীর একটি তালিকা আমরা প্রকাশ করেছিলাম। ওই তালিকা পরবর্তী সময়ে এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ তালিকার মাধ্যমে অনেকের অপরাধ প্রমাণ করা সহজ হবে।"
কত জনের প্রমাণ করা যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যে সব প্রমাণ দিয়েছি তা অকাট্য। বেঁচে আছেন এমন অন্তত ৪/৫'শ ব্যক্তির অপরাধ প্রমাণ করা সম্ভব হবে।"
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দেওয়া তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে- ৩ বাক্স তালিকা, ২৬টি বই, বধ্যভূমির তালিকা ও মানচিত্র, নির্যাতিতদের ছবি, অপরাধীর ছবি, হত্যা নির্যাতনের অডিও-ভিডিও, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর প্রচারিত নির্দেশের অডিওসহ জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার কপিসহ কয়েকটি বিদেশি বই।
নিহত ব্যক্তিদের হার-গোড়ের নমুনা আনা হলেও তদন্ত সংন্থার কাছে তা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সেসব ফেরত নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/সিআর/এমআই/১৪১৪ ঘ.
bdnews24