ডেভিড বার্গম্যান
ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশত্যাগে বাধা দিতে সরকারের আইনী কর্তৃত্ব কতটুকু তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শীর্ষ কয়েকজন আইনজীবী।
সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের দেশছাড়ার অনুমতি দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যের প্রেক্ষাপটে আইনজীবীরা বলছেন, কোনো নাগরিকের দেশত্যাগ ঠেকাতে সরকারের আইনী ক্ষমতা সীমিত।
মন্ত্রীর ওই বক্তব্যের পর অন্যতম সন্দেহভাজন যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর দেশছাড়ার ঘটনার পর বিষয়টি আলোচনায় উঠে আসে।
একাত্তারে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের (যুদ্ধাপরাধী) বিচারে সরকার গত ২৫ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ অনুসারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে।
পরদিন স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের' বাংলাদেশ ছেড়ে যেতে দেবে না সরকার।
২৪ মার্চ বিদেশে যান মীর কাশেম। এ নিয়ে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়।
আইনজীবীরা বলছেন, সাধারণ পুলিশি ক্ষমতায় সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা যাবে না। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে অভিযুক্ত হওয়ার পরই কেবল তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে।
এজন্য 'কিছু সময় লাগবে' বলেও মনে করেন তারা।
হাইকোর্ট গত ছয় মাসে কয়েকজনের বিদেশ যাওয়া ঠেকাতে সরকারের পাঁচটি প্রচেষ্টাকে বেআইনী বলে রায় দিয়েছে। জামায়াতে ইসলামী নেতা দেলওয়ার হোসেন সাঈদী, বিএনপি নেতা রাশিদুজ্জামান মিল্লাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে বিদেশ যেতে বাধা দেয় অভিবাসন কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার পক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের একটি ধারায় প্রত্যেক নাগরিকের বিদেশে যাওয়ার অধিকার সংরক্ষিত আছে।
তিনি একটি অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, জনস্বার্থে আইনগতভাবে আরোপিত যৌক্তিক নিষেধাজ্ঞা ব্যতীত প্রত্যেক নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশ থেকে বের হওয়ার অধিকার আছে।
সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের বেলায় কী হবে
bdnews24