২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধ, আর মানবতার বিরুদ্ধে অপরাধ একই'

গঠিত ট্রাইব্যুনাল নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনার জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ আলাদা কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 06:36 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠিত ট্রাইব্যুনাল নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনার জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ আলাদা কিছু নয়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে শনিবার তিনি এ কথা বলেন। গঠিত ট্রাইব্যুনাল নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেন, হত্যা-লুণ্ঠন-অগ্নিসংযোগ-ধর্ষণ-অপহরণের মতো অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধিতেই সম্ভব। যুদ্ধাপরাধীদের বিচারের পরিবর্তে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের উদ্যোগ নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিকে 'জ্ঞানপাপী' আখ্যায়িত করে কামরুল বলেন, "ফৌজদারি কার্যবিধিতে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে এমন দাবি করা দেলোয়ারের মতো একজন আইনজীবীর পক্ষে উচিৎ হয়নি। তিনি এটা ইচ্ছা করেই করেছেন। কেননা তিনি একজন জ্ঞানপাপী।" বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় না বলেই এ ধরনের কথা বলছে, বলেন তিনি। কামরুল বলেন, "বিএনপি প্রথম থেকে বলে আসছিলো, বিচার স্বচ্ছ হলে তারা সরকারকে সমর্থন জানাবে। কিন্তু কাল আমরা দেখলাম বিএনপি একাত্তরের ঘাতকদের বাঁচাতে সরকারের বিরোধিতা করছে। এটা অপ্রত্যাশিত হলেও আমরা আগেই বুঝতে পেরেছিলাম তারা এমনটা করবে। "কেননা বিএনপিই একাত্তরের ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। রাজাকার শাহ আজিজকে তারা প্রধানমন্ত্রী করেছে। আরেক রাজাকার মতিনকে মন্ত্রী বানিয়েছে। এদের সঙ্গে নিয়ে ক্ষমতায়ও এসেছে।" বিচার নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে দাবি করে আইন প্রতিমন্ত্রী বলেন, "আমরা একাত্তরে যুদ্ধের সময় যারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, তাদেরই বিচার করছি। বিএনপিতেও যুদ্ধাপরাধী আছে। আমি অনুরোধ করবো ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।" ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতালসহ জামায়াতে ইসলামী 'নিয়ন্ত্রিত' বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সরকারের কর্তৃত্বে নেওয়ার দাবি আবারো জানান কামরুল। হেমায়েত উদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। নাসিম বলেন, "বিএনপি একাত্তরের ঘাতকদের বাঁচাতে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে। কিন্তু রাজাকার, আল বদর, আল শামসদের বিচার কেউই বন্ধ করতে পারবে না।" একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গত ২৫ মার্চ তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে সরকার। তদন্ত সংস্থা ইতিমধ্যে কাজও শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/১৬৩০ ঘ.