ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মান বজায় রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "এ বিষয়ে যাতে কেউ কখনো কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে সেজন্য বিচার প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। ন্যায়বিচার হবে। ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার হবে না। কোনো দলীয় সঙ্কীর্ণ চিন্তাভাবনা থেকে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না।"
এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন রয়েছে বলে আবারও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আয়োজনে 'যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক ওই আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল আহাদ চৌধুরী।
সেক্টরস কমান্ডার ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ বলেন, ৩৯ বছর পরে স্বাধীনতাবিরোধীদের বিচারের যে সুযোগ এসেছে মুক্তিযোদ্ধাদের জন্য তা-ই সর্বশেষ সুবর্ণ সুযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/২২৩১ ঘ.
bdnews24