২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধে গ্রেপ্তারকৃতদের বিচার আগামী বছরেই'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধাপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিচার কাজ ২০১১ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধাপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিচার কাজ ২০১১ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। 'মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী। কামরুল ইসলাম বলেন, "৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে ট্রাইবুনাল। এসব যুদ্ধাপরাধীর বিচার ২০১১ সালের মধ্যে সম্পন্ন করা হবে।" ২০১১ সালের মধ্যে সব যুদ্ধাপরাধীর বিচার করা সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, "প্রায় ৪০ বছর পর এ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তাড়াহুড়া করে বিচার না করে আন্তর্জাতিক মানের বিচার করতে কিছুটা সময় প্রয়োজন।" এজন্য বিচারপ্রার্থীদের অধৈর্য্য না হয়ে অপেক্ষা করার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, "যথাযথ অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার করেছে।" আইন প্রতিমন্ত্রী বলেন, "গ্রেপ্তারের পর সালাউদ্দিন কাদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো নির্যাতন করেনি। বরং সাকা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। "বৃহস্পতিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার পর উনি (সাকা) যে আচরণ করেছেন তা 'আস্বাভাবিক'।" কামরুল ইসলাম আরো বলেন, "যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে সাকা চৌধুরী অবশ্যই আইনজীবী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।" বৃহস্পতিবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সালাউদ্দিনের অভিযোগ জানানোর পর ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে এদিনই প্রথম পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। গাড়ি পোড়ানোর মামলায় আটক সালাউদ্দিন কাদেরকে গত ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। সে অনুযায়ী তাকে ট্রাইব্যুনাল হাজির করা হয়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে এ সংসদ সদস্যের বিরুদ্ধে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বিগত জোট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে- উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, "তারা বই পুস্তক থেকে শুরু করে সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।" তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু করা হয় বলে মন্তব্য করেন তিনি। সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম মুক্তা ও বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/১৮৩৯ ঘ.