ঝালকাঠি, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ঝালকাঠির একটি আদালতে মামলা হয়েছে।
মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি।
বৃহস্পতিবার ঝালকাঠি মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলারটি করেন কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের শীতল মালী।
হাকিম রেজা তারিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে কাঠালিয়া থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- একই গ্রামের আব্দুর রশিদ হাওলাদার ও নুর ছায়েদ ওরফে আব্দুল ওয়াহেদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯৭১ সালের ১৫ জুলাই রাতে অভিযুক্ত দুজনের নেতৃত্বে বাদি শীতল মালীর বাড়িতে হামলা হয়। হামলাকারীরা তাদের বসতঘর পুড়িয়ে দেয়।
ওই সময় তার মেজ ভাইয়ের স্ত্রী আভা রানীকে (২০) ধরে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করে। তারা শিতল মালীকে হত্যার উদ্দেশ্যে কচুয়া উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গুলি করতে উদ্যত হয়। চিৎকার করায় তাকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে। এতে তার ডান পায়ের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য প্রয়াত আব্দুস ছাত্তার তাকে রক্ষা করেন।
অভিযোগে আরো বলা হয়, পরে অভিযুক্তরা কাঠালিয়ার উপেন্দ্র লাল হাওলাদার ও রেখা রানী ঘোষের বাবা কেশব চন্দ্র বলকে গুলি করে হত্যা করে।
এছাড়া আসামিরা সংখ্যালঘু পরিবারের অসংখ্য মানুষ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও কুপিয়ে জখম করাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশ তিনি পেয়েছেন। নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24