২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ন্যায়বিচার করতে এসেছি, সহযোগিতা চাই'

আদালত কক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবীর 'আচরণে' ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত কক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবীর 'আচরণে' ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত শুরু হলে তিনি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, "আমরা এখানে ছেলে খেলা খেলতে আসিনি। আল্লাহর ওপর বিশ্বাস রেখে ন্যায় বিচার করতে বসেছি। এতে সবার সহযোগিতা চাই।" এর আগে সকাল ১০টার দিকে কয়েকজন আইনজীবী ও সাংবাদিক আদালত কক্ষে প্রবেশ করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসন সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে তাদের ঢুকতে বাধা দেয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েকজন আইনজীবীর ধাক্কা-ধাক্কি হয়। একজন আইনজীবী ট্রাইব্যুনালের নিবন্ধক শাহীনুর ইসলামকে উদ্দেশ্যে করে বলেন, "আপনি আমাকে চেনেন না? আমি সাবেক ডিএজি। সুপ্রিম কোর্টের আইনজীবীদের নেতা। আপনি কীভাবে চাকরি করেন, তা দেখবো।" আদালতে আসন গ্রহণ করেই চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক বলেন, "অ্যাটর্নি জেনারেল সাহেব এদিকে আসুন। আপনি প্রথম থেকেই দেখেছেন এখানে আসনসংখ্যা সীমিত। তাই সিদ্ধান্ত হয়েছে, দু'পক্ষের ১০ জন করে আইনজীবী, কিছু সাংবাদিক এবং কিছু পরিদর্শককে এখানে আসার অনুমতি দেওয়া হবে।" "কিন্তু আজ যা ঘটেছে, যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। সিসি টিভিতে আমি সব দেখেছি। আমরা এখানে ছেলে খেলা খেলতে আসিনি। ন্যায়বিচার করতে বসেছি", বলেন তিনি। চেয়ারম্যান আরো বলেন, "কেউ কেউ আমার অফিসের স্টাফদের কাছ থেকে পাস কেড়ে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে যদি আমি সার্চ করি, যাদের পাস নেই তাদেরকে অ্যারেস্ট করে পুলিশে দেই- তাহলে ব্যাপারটা কেমন দেখায়? কিন্তু আমি তা করতে চাই না। সবার সহযোগিতা চাই।" তিনি বলেন, "এখানে আমরা সবাই নতুন, আইন নতুন, মানুষ নতুন, যিনি আসামি তিনিও নতুন। তাই আমাদের সবকিছু সহজ করে নিতে হবে।" এই অবস্থায় সব আইনজীবীর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, "এখানে যারা আসবেন তাদের প্রত্যেকের ছবিসহ পাস দেওয়া হলে এমন ঘটনা ঘটবে না। আমি নিজেও এভাবে পাস নিতে ইচ্ছুক।" এ প্রস্তাব প্রসঙ্গে বিচারপতি মো. নিজামুল হক বলেন, "একেক মামলায় একেক আইনজীবী আসবেন। তাই আমরা স্থায়ী পাস দেইনি।" এরপর তিনি বিচারকাজ শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৫৫১ ঘ.