২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সাক্ষীদের সুরক্ষায় আইন শিগগির'

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারের সাক্ষীদের সুবিধায় শিগগিরই একটি আইন হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী গোলাম আরিফ টিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারের সাক্ষীদের সুবিধায় শিগগিরই একটি আইন হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী গোলাম আরিফ টিপু। ওই আইনের আওতায় সাক্ষীদের নিরাপত্তাসহ আর্থিক সুবিধাও দেওয়া হবে। ট্রাইবুনালের জ্যেষ্ঠ আইনজীবী গোলাম আরিফ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো হত্যাযজ্ঞস্থল মঙ্গলবার পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি দল। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গোলাম আরিফ। দলটি সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাবির জগন্নাথ, রোকেয়া, শামসুন নাহার ও জহুরুল হক হলের হত্যাযজ্ঞস্থল পরিদর্শন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম আরিফ বলেন, "অনেকে বিচার প্রক্রিয়া দ্রুত করার কথা বলেন। আমি বলবো দ্রুত বিচার নয়, ন্যায়সঙ্গত বিচার করাই আমাদের লক্ষ্য।" বিদেশে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধের বিচার কাজ সম্পন্ন করতে আমরা দেশের সব অঞ্চলে গিয়ে তথ্য সংগ্রহ করছি যেন সব অপরাধীকে বিচারের আওতায় আনা যায়।" এ সময় ট্রাইবুনালের আইনজীবী সৈয়দ হায়দার আলী, আলতাফ উদ্দিন ও জিয়াদ আল মামুন এবং ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। পরে ঢাবি উপাচার্য ভবনের সামনের শহীদ বুদ্ধিজীবী চত্বর পরিদর্শন করেন তারা। এর আগে ট্রাইবুনালের সদস্যরা সিনেট ভবনে মুক্তিযুদ্ধে স্বজনহারাদের সঙ্গে মতবিনিময় করেন। স্বজনহারাদের কাছ থেকে অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান গোলাম আরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/১৭৩৫ ঘ.