নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে নারায়ণগঞ্জ কারাগারে তার স্ত্রী, ছেলে-মেয়েরা দেখা করেছেন।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় তারা কারাগারে প্রবেশ করেন। তাদের মধ্যে ১০/১৫ মিনিট কথা হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদেরের ব্যক্তিগত সহকারী।
সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, দুই ছেলে ফয়েজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী এবং বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরীর স্ত্রী তানিয়া আহমেদ।
নারায়ণগঞ্জ কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সালাউদ্দিন কাদেরের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালে তার পরিবারের সদস্যদের অনুমতি দেওয়া হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সালাউদ্দিন কাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, বিকাল সাড়ে ৩টায় সালাউদ্দিন কাদেরের স্ত্রী, ছেলে-মেয়েরা সাক্ষাতের জন্য কারাগারের নির্দিষ্ট কক্ষে যান।
সালাউদ্দিন কাদেরের ব্যক্তিগত সহকারী মিনহাজউদ্দিন শিপলু দাবি করেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24