২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ফেব্রুয়ারির মধ্যে অভিযোগপত্র'

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র ফেব্রুয়ারি মাসের মধ্যে দাখিল করে বিচার শুরু করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র ফেব্রুয়ারি মাসের মধ্যে দাখিল করে বিচার শুরু করা হবে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "প্রথমে তথ্য-প্রমাণ, সাক্ষ্য খুঁজে বের করা হয়েছে। এসবের ভিত্তিতেই চিহ্নিতদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ প্রায় শেষের পথে। তাই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই এদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মূল বিচার কাজ শুরু করা হবে।" একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে এ বছরের শুরুতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পর এখন পর্যন্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনমন্ত্রী শিক্ষানীতির নিয়ে বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার সমালোচনা করে বলেন, সবার মতামত নিয়ে এটি চূড়ান্ত হয়েছে। এতে ধর্মশিক্ষা ব্যবস্থার কথাও রয়েছে। মন্ত্রী বেতিয়ারা শহীদ সহযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর ১১ জন সদস্য কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রাণ হারায়। পুনর্মিলনী অনুষ্ঠানে বেতিয়ারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও একাত্তরের গেরিলা বাহিনীর নেতা মনজুরুল আহসান খান। বক্তব্য রাখেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, এশিয়াটিক সোসাইটির সদস্য সচিব মাহফুজা খানম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৫০ ঘ.