ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম আব্দুল হাকিমের হাইকোর্ট বেঞ্চ নিজামীর আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে এই রায় দেয়।
রায়ে আদালত বলেছে, আনুষ্ঠানিকভাবে এখনো এ মামলার কার্যক্রম শুরু হয়নি । তাই মামলার কর্যক্রম বাতিল করার কিছু নেই।
মামলাটি বাতিলের জন্য গত ২৬ অগাস্ট নিজামী হাইকোর্টে একটি আবেদন করেন।
এর ওপর শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আগেই নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন।
সরকার পক্ষের কৌসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, মামলার তদন্ত এখনো চলছে। এই পর্যায়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না।
গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপুর আবেদনের প্ররিপ্রেক্ষিতে নিজামীর বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এইচএ/১৭৪৯ ঘ.
bdnews24