২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে গ্রেপ্তার আবেদনের শুনানি রোববার

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য করা আবেদনের শুনানি হবে আগামী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য করা আবেদনের শুনানি হবে আগামী রোববার। একাত্তরের যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তারের জন্য যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থা বুধবার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলামের কাছে আবেদনটি জমা দেয়। পরে রেজিস্ট্রার শাহীনুর সাংবাদিকদের জানান, আবেদনটির ওপর আগামী ১৯ ডিসেম্বর (রোববার) শুনানি হবে। ট্রাইব্যুনালে আবেদনের আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের ধানমণ্ডির বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার রয়েছেন। ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু নেতৃত্বে তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেয় গত সেপ্টেম্বর মাসে। তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ। চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের আইনজীবী দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংসদ সদস্য সালাউদ্দিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায়। তবে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে আসছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১২৩৬ ঘ.