ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অবিলম্বে বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
আরেফিন সিদ্দিক বলেন, "এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের খুঁজে বিচার করা হচ্ছে। তাহলে আমাদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার যতদিন লাগুক করা সম্ভব।"
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের অনেক তথ্য অনুদঘাটিত রয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে সেসব তথ্য বেরিয়ে আসতে পারে।
আলোচনা সভায় ঢাবি'র উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বুদ্ধিজীবীরা রণাঙ্গনে যান নি। তারা তাদের বাসায় বই-খাতা-কলম নিয়ে ছিলেন। অথচ বর্বর হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় ছিল তাদের ছত্রছায়ায় যুদ্ধাপরাধীরা পার পেয়েছে। আজ হোক কাল হোক, যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।
ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের উপস্থাপনায় আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক নাজমা শাহীন ও ঢাবি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মো. মফিজুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩২ ঘ.
bdnews24