২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'

যুদ্ধাপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবন মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন। 'ষড়যন্ত্র প্রতিহত কর, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর' শ্লোগানে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ' ৭১ -এ কনভেশনের আয়োজন করে। ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। যতদিন পর্যন্ত এ বিচার না হবে, ততদিন ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে।" যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টর ও এস ফোর্সের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ (বীরউত্তম) বলেন, "প্রশাসনের ভেতরেই যুদ্ধাপরাধের ভূত লুকিয়ে আছে। এই ভূত থেকে মুক্ত না হলে যুদ্ধাপরাধের বিচার হবে না।" যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হচ্ছে অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিলের বিধান রাখারও সমালোচনা করেন তিনি। ৪ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারকে বাধ্য করতে হবে।" কনভেনশনে যুদ্ধাপরাধ বিচার সম্পন্ন করতে একটি সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানানো হয়। সেক্টর কমান্ডারদের বক্তব্যের আগে জাতীয় কনভেনশনের ঘোষণাপত্র সর্বসম্মতভাবে গৃহীত হয়। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। সকালে কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক এবিএম মূসা, অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কনভেনশন অর্গানাইজিং কমিটির সভাপতি সৈয়দ রেজাউল হায়াত, সেক্টর কমান্ডারস ফোরামের ম হামিদ, জামিল ডি আহসান (বীরপ্রতীক) প্রমুখ। দেশের বিভিন্ন বিভাগ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রস্তাবনা তুলে ধরেন শফিকুর রহমান রাজা (রাজশাহী), আবুল কালাম আজাদ (রংপুর), প্রদীপ কুমার ঘোষ (বরিশাল), মাহমুদ হাসান (চট্টগ্রাম), গাজী রহমত উল্লাহ (খুলনা), অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারি (ঢাকা) এবং সৈয়দা রিফাত আক্তার নিশু ও কেয়া চৌধুরী। এ বছরের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দল গঠনের পর একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাসহ কয়েকজনকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন দল এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনও যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/কেএমএস/২১৫১ ঘ.