২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে সতর্কতার সঙ্গে কাজ হচ্ছে: মন্ত্রী

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবির মধ্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচার প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না উঠে সে জন্য সতর্কতার সঙ্গে সময় নিয়ে কাজ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবির মধ্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচার প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না উঠে সে জন্য সতর্কতার সঙ্গে সময় নিয়ে কাজ করা হচ্ছে। এর মধ্য দিয়ে কার্যত বিচার প্রক্রিয়ার শ্লথগতি নিয়ে বিভিন্ন সংগঠনের অসন্তোষ প্রশমনের চেষ্টা করলেন তিনি। শনিবার রাজধানীর আইডিবি ভবনে এক কর্মশালায় মন্ত্রী সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধের বিচার এ সরকারের সময়েই সম্পন্ন করা হবে। যেহেতু ৩৯ বছর পর বিচার শুরু হয়েছে, তাই সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। "যাতে কেউ কখনো এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, এ বিচার যাতে সুষ্ঠু, সুন্দর, সঠিক ও তথ্যভিত্তিক হয় সে লক্ষ্যে সময় নিয়ে বিচারের প্রক্রিয়া চলছে।" যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে জানান তিনি। এ বছরের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দল গঠনের পর একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাসহ কয়েকজনকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের দল। বিভিন্ন দল এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনও যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছে। আগারগাঁওয়ে আইডিবি ভবনে 'আইনগত সহায়তা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয়' শীর্ষক কর্মশালায় অংশ নেন আইনমন্ত্রী। 'আইন সহায়তা প্রদান আইন- ২০০০' পরিচিত করে তোলা এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর একই প্লাটফর্মে কাজের ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ বলেন, এ আইনের আওতায় সহায়তা দেওয়ার বিষয়ে প্যানেল আইনজীবীদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাকে একই প্লাটফর্মে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন। কর্মশালা পরিচালনা করেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ নুরুল হুদা, পাবনার জেলা ও দায়রা জজ নুরুন নাহার ওসমানী, মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/এমআই/১৭০০ ঘ.