২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার আদালতে। বুধবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের নিহত এক মুক্তিযোদ্ধার স্ত্রী তাসলিমা বেগম (৬০)। বিচারক হুমায়ূন কবীর মামলাটি আমলে নিয়ে তালা থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকবুল হোসেন, হাটবাস গ্রামের সরফউদ্দীন মোড়ল, যশোরের কেশবপুর উপজেলার ভরতবায়না গ্রামের আব্দুল বারী ওদুদী, নেহালপুর গ্রামের ইব্রাহিম হোসেনসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন। মামলায় আসামিদের এলাকার চিহ্নিত রাজাকার ও পাকসেনাদের দোসর বলে উল্লেখ করা হয়। মামলার নথি থেকে জানা যায়, আসামিরা ১৯৭১ সালের ১৫ নভেম্বর রাতে বাদীর স্বামী মোকাম গাজীকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রথমে মারধর করে। পরে রাইফেলের ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে আড়ংপাড়া বাজারে ফেলে রাখে। এছাড়া এর আগে ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর তারা এলাকার মজিদুল, গফুর ও মালেকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.