বাগেরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় বাবা ও বড় ভাইকে হত্যার অভিযোগে চার 'রাজাকারের' নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে াদালতে মামলা করেছেন বাগের হাটের এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার আকন।
হাকিম মো. রাখিবুল ইসলাম অভিযোগটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য শরণখোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- রাজাপুর গ্রামের নজির আহম্মেদ হাওলাদার, সালেহ আহম্মেদ গাজী, সুলতান খান ও আব্দুল আজিজ তালুকদার।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে নজির আহম্মেদ হাওলাদারের নেতৃত্বে ১৫/১৬ জন রাজাকার বাদির বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তার বাবা আবুল হাশেম আকন ও বড় ভাই আব্দুল হক আকনকে হাত ও চোখ বেঁধে নিয়ে যায়।
পরে মংলা উপজেলার বানিশান্তা গ্রামে পশুর নদের পাড়ে তাদের গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।
শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক জানান, আদালতের আদেশের কাগজপত্র পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24