খুলনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে খুলনায় এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন দাকোপ উপজেলার চালনার গ্রামের বিভাষ রঞ্জন অধিকারী।
হাকিম মো. শওকত আলী মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হলেন- চালনা গ্রামের ইসহাক শেখ (৬২)।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ৫ অগাস্ট বিভাষ রঞ্জন অধিকারীর ভাই নারায়ণ চন্দ্র অধিকারী ও ভাগ্নে গেদু বৈরাগী চালনার খাটাইল মুক্তিযোদ্ধা ক্যাম্পের দিকে যাচ্ছিলো।
এসময় রাজাকার হিসেবে পরিচিত পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ইসহাক শেখসহ আরও কয়েকজন বিভাষের ভাই ও ভাগ্নেকে ধরে নিয়ে যায়।
তাদের রাজাকার ক্যাম্পে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তারা পালিয়ে ভাইয়ের খাল এলাকায় পৌঁছায়। পিছু ধাওয়া করে ইসহাক শেখ গুলি করে তাদের হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24