২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধকালে খুনের অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল ও জামায়াত নেতা মশিউল আজম হাসনুসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

মাগুরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল ও জামায়াত নেতা মশিউল আজম হাসনুসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শহরের খানপাড়ার মুক্তিযোদ্ধা আব্দুল খান। হাকিম কামরুন্নাহার বেগম মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদির আইনজীবী মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, চাচা কাদের খানকে হত্যার অভিযোগে আব্দুল খান মামলাটি করেছেন। মামলার বাকি আসামিরা হলেন- শহরের তাঁতিপাড়ার বাসিন্দা আফজাল হোসেন ওরফে বাঁশি মিয়া ও মৌলবী মাহবুবুর রহমান, ইসলামপুর পাড়ার কবির হোসেন, কেশব মোড়ের আকতার মিয়া, মির্জাপুরের আবু ফতেহ, কালু পাড়ার খালেদুর রহমান, ভায়নার মোহন মোল্লা, দোয়ার পাড়ের খান হাফিজুর রহমান ও তার ভাই হারুক খান, শত্র"জিৎপুরের ফকরুল ইসলাম ও ভিকু বিশ্বাস, বাখরাবাদের কাবিয়ার হোসেন, কলেজ পাড়ার খোকন, সাজিয়াড়ার আব্দুস সামাদ, সোনাতুন্দির মশিউর রহমান, সাতনাফুরিয়ার আব্দুর রশিদ। বাদির অভিযোগ, ১৯৭১ সালের ২৯ অক্টোবর রাতে আসামিরা তাদের বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে তাকে ও তার চাচা কাদের খানেক ধরে নিয়ে যায়। মৌলবী মাহবুবুর রহমানের নির্দেশে তারা শহরতলীর পারলা এলাকায় নবগঙ্গা নদীর ট্যাংরার ঘাটে নিয়ে তাদের গুলি করে। কাদের খান ঘটনাস্থলেই মারা যান। বাদি আব্দুল খান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.