২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'নিজামী, সুবহানসহ ১৫ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলেছে'

জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আব্দুস সুবহান ও খেলাফত মজলিসের আমির মো. ইসহাকসহ ১৫ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা. নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আব্দুস সুবহান ও খেলাফত মজলিসের আমির মো. ইসহাকসহ ১৫ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত দল। সোমবার চার দিনের পাবনা সফর শেষে পুরনো হাইকোর্ট ভবনে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ট্রাইব্যুনালের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, "পাবনা জেলার ঈশ্বরদী, পাকশী ও সাথিয়া থানার কিছু স্থান পরিদর্শন করা হয়েছে। এসব স্থান থেকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা ইসহাকসহ ১৫ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে।" হায়দার আলী জানান, পাবনায় ১০টি বধ্যভূমি ও নির্যাতন ক্যাম্পসহ পাঁচটি স্থান পরিদর্শন করা হয়েছে। এসব স্থানে ৯৭৫ জনকে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হন ৪০ জন। এছাড়া ৫৫ জন সাক্ষী পাওয়া গেছে। গত ৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সাত সদস্যের একটি দল পাবনা যান। ৭ নভেম্বর তারা ঢাকা ফিরে আসেন। সংবাদ ব্রিফিংয়ে আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ, সদস্য সৈয়দ রেজাউর রহমান, জেয়াদ-আল মালুম ও তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। এ লক্ষে গত ২৫ মার্চ গঠন করা হয় ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৫৪ ঘ.