ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে নিজের বক্তব্য থেকে সরে এসেছেন আইন প্রতিমন্ত্রী। রোববার তিনি বলেছেন, সরকার শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করবে।
কয়েকদিন আগে আইন প্রতিমন্ত্রী বলেছিলেন দেশের সব যুদ্ধাপরাধীর বিচার হবে।
'৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার বিচার দাবিতে' শীর্ষক আলোচনা সভায় রোববার যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে কামরুল বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছি। এ কাজ শেষ না করে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।
"তবে আমাদের এই আমলে শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।"
মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর আইন প্রতিমন্ত্রী বলেন, "সারাদেশের সব যুদ্ধাপরাধীদের বিচার হবে।" সেসময় আইন প্রতিমন্ত্রী জানান, সরকার যুদ্ধাপরাধের প্রতীকি বিচার করছে না এবং সে সুযোগও নেই।
এ ক্ষেত্রে হতাশ না হয়ে সরকারকে 'একটু' সময় দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গত ২৮ অক্টোবর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার গতিতে হতাশা প্রকাশ এবং সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি তোলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে রোববারের আলোচনা আয়োজন করে ৭৫'র ঘাতক দালাল নির্মূল কমিটির ঢাকা মহানগর শাখা।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় একাত্তরের ঘাতকদের পক্ষে অবস্থা নিয়েছিলেন বলে আলোচনা সভায় দাবি করেন কামরুল। তিনি বলেন, "পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে তিনি (জিয়াউর রহমান) রক্তের হোলি খেলা শুরু করেছিলেন। ৭ নভেম্বর তিনি মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করেছেন। তার শাসনামলে কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে।"
৭৫'র ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন রতন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24