চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ও সরকারের উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে রাউজান উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি করেন। 'সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংসদ ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান' এর বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, "রাউজানের গুণী ব্যক্তি স্বর্গীয় নূতন চন্দ্র সিংহের বড় ছেলে সত্য সিংহ জীবিত থাকলে আজ আমার পাশেই থাকতেন। কারণ তার পরিবারকে একাত্তর সালের পর আমরা আশ্রয় দিয়েছিলাম।"
রাউজান উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রাউজান পৌরসভার মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "রাউজানের কুন্ডেশরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নূতন চন্দ্র সিংহকে কুখ্যাত সালাউদ্দিন কাদের চৌধুরীই যে হত্যা করেছে তা সারাদেশের মানুষ জানে।"
লিখিত বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার অনুজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে 'কুখ্যাত যুদ্ধাপরাধী' আখ্যায়িত করা হয়।
রোববারের সংবাদ সম্মেলনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের তদন্ত দলের কার্যক্রমকে 'নাটক' হিসেবে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক দেবাশীষ পালিত, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৪০ ঘ.
bdnews24