২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ ট্রাইব্যুনালের মতবিনিময় সভায় 'যুদ্ধাপরাধী'

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল বাগেরহাট সদর উপজেলায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত, তাদের স্বজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

বাগেরহাট, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল বাগেরহাট সদর উপজেলায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত, তাদের স্বজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় হয়। সভায় মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কাজের অভিযোগে চার মামলার আসামি উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাসারাত হালাদার অংশগ্রহণ করেন। এই ঘটনায় উপস্থিত মুক্তিযোদ্ধাসহ অন্যরা ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ করলে সভার শেষ পর্যায়ে বাসারাত হালদার সভাস্থল ত্যাগ করেন। সভায় উপস্থিত বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) শেখ মোস্তাফিজুর রহমান বাদশা বলেন, বাসারাত হালদার গোটাপাড়া ইউনিয়নের চিহ্নিত রাজাকার। তার বাবা মৃত শওকত আলী হালদার মহকুমা শান্তি কমিটির সদস্য ছিলেন। দেশ স্বাধীনের পর বাসারাত ও তার পরিবারের সাত সদস্য মানুষ খুন ও লুটপাটের অভিযোগে জেল খেটেছে। বাসারাতের বিরুদ্ধে চারটি যুদ্ধাপরাধের মামলা রয়েছে। তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটির সভায় বাসারাতের মতো একজন রাজাকারের উপস্থিতি আমাকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।" বাসারাত হালদার এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণ পেয়ে তিনি ওই সভায় যান। কিন্তু সেখানে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি সভাস্থল ত্যাগ করেন। "আমি রাজাকার ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব মামলা করা হয়েছে," বলেন তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য উপজেলার দশ ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানো হয়। বাসারাত হালদারকে ইউপি চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ করা হয়। তিনি রাজাকার ছিলেন কি না তা আমার জানা ছিল না।" সকাল ১১টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কয়েক জন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও রাজাকারদের হাতে ক্ষতিগ্রস্ত কয়েকজন, তাদের স্বজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আসা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর তিন তদন্ত কর্মকর্তা হলেন মো. নূর হোসেন, মো. শাজাহান কবীর ও ওবায়েদ উল্লাহ। মতবিনিময় সভার আগে তদন্ত দলটি পৃথকভাবে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন ও পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার রফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে। মতবিনিময় শেষে তদন্ত দল সদর উপজেলার বিষ্ণুপুর, মুক্ষাইট, দেপাড়া, কুলিয়াদাইড়, কান্দাপাড়া, কচুয়া উপজেলার মঘিয়া, হাশেম আলীর চর ও শাঁখারীকাঠি বধ্যভূমি পরিদর্শন করে। বিকালে দলটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করেন। মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) শেখ মোস্তাফিজুর রহমান বাদশা, সদর উপজেলা কমান্ডার শেখ শওকত হোসেন, কচুয়া উপজেলা কমান্ডার খান হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের নির্যাতনের প্রতক্ষদর্শী বেগ এমদাদুল হক বাচ্চু, তদন্ত দলের সদস্য পুলিশ পরিদর্শক শাজাহান কবীর ও তাদের দলনেতা মো. হেলাল উদ্দিন বক্তব্য দেন। সভায় মুক্তিযোদ্ধা বাদশা বলেন, ১৯৭১ সালের ১২ মে রাজাকারদের সহযোগিতায় বাগেরহাট শহরে থাকা পাক বাহিনী ভৈরব নদ পার হয়ে কান্দাপাড়া বাজারে যায় এবং সেখানে সারাদিন অবস্থান করে ২২ জনকে পিটিয়ে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে আহত করে। এদের মধ্যে ১৯ জন মারা যায়। তিনি সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে এসব লাশ দেখেছেন। প্রত্যক্ষদর্শী বেগ এমদাদুল হক বাচ্চু বলেন, তিনি তখন নবম শ্রেণীর ছাত্র। তার বড় ভাই মরহুম অ্যাডভোকেট বেগ এনায়েতুল হক মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের আসাযাওয়া ছিল। এক রাতে রাজাকারদের নেতা কাড়াপাড়া গ্রামের ইসাহাক শেখের নির্দেশে একদল রাজাকার পাক বাহিনীর তিনটি ট্রাকে করে তাদের রহিমাবাদ গ্রামের বাড়িতে এসে তার বাবা-মাকে বেঁধে নির্যাতন চালিয়ে বাড়ির মালামাল লুঠ করে ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা তার ভাই বেগ এনায়েতুল হককে খোঁজ করে। পরদিন তার বাবা রাজাকার ইসাহাক শেখের সঙ্গে দেখা করে টাকার বিনিময়ে তার ভাইকে বাঁচান। কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান হাবিবুর রহমান তদন্ত দলের কাছে কচুয়া উপজেলার ১২২ জন রাজাকারের একটি তালিকা হস্তান্তর করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাটে এটা তাদের প্রথম এবং প্রাথমিক সফর। তদন্তের কাজে তারা আবার বাগেরহাট আসবেন। বুধবার তারা সাতটি বধ্যভূমি ঘুরে অন্তত পঁচিশ জনের সঙ্গে কথা বলেছেন। তিনি আরো জানান, জেলা ও পুলিশ প্রশাসনের কাছে তারা বাগেরহাটে গণকবর ও বধ্যভূমির সংখ্যা, নিহত মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং রাজাকারদের সম্পর্কে তথ্য চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, বাগেরহাট জেলায় মোট ৬৩টি যুদ্ধাপরাধের মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.