২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল বাগেরহাট

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মঙ্গলবার বাগেরহাট পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মঙ্গলবার বাগেরহাট পৌঁছেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বাগেরহাট সার্কিট হাউজে এসে পৌঁছেন। বুধবার তারা জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সাক্ষ্য গ্রহণ করবেন। চার সদস্যের দলে রয়েছেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, নূর হোসেন, মো. শাহজাহান কবীর ও একজন প্রসিকিউটর। বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আজহারুল ইসলাম জানান, কর্মসূচি অনুযায়ী তদন্ত দলটি সকাল ৯টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯৭১ সালে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১২টা থেকে তারা যুদ্ধাপরাধের ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য গ্রহণ ও মামলা তদন্তে প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। এ সময় তারা মানবতাবিরোধী অপরাধ বিষয়ে দায়ের করা মামলা সম্পর্কে খোঁজ খবরও নেবেন। রাতে তদন্ত দল পিরোজপুরের উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বলেন, তদন্ত দলের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে জেলা প্রশাসন চেষ্টা করবে। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের ঘটনায় জেলার নয়টি থানায় ২০০৮ সাল থেকে ২০১০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৬৩টি মামলা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী ও তাদের দোসররা তৎকালীন বাগেরহাট মহকুমা সদরের ডাকবাংলো ঘাট, গোটাপাড়া, কান্দাপাড়া, চুলকাঠি বাজার, রামপালের ডাকরা-কালিগঞ্জ, কচুয়ার শাঁখারীকাঠি, মোরেলগঞ্জের তেলিগাঁতি-আঠারোগাঁতি, চিতলমারীর দশমহাল, মংলা, শরণখোলা, ফকিরহাট ও মোল্লাহাটসহ বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। ২০০৬ সালে প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক স্বরোচিষ সরকারের লেখা 'একাত্তরে বাগেরহাট' শীর্ষক গ্রন্থে এ ধরনের অন্তত ২৫টি গণহত্যার স্থানের উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৬ ঘ.