ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কারাবন্দি সাঈদীকে আটক রাখার আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ট্রাইব্যুনালের তিন বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদের প্যানেল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনাল আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সাঈদীকে আটক রাখার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন ২৩ ডিসেম্বর পেশ করার আদেশ দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রমের শুরুতেই প্রসিকিউশনের পক্ষে আইনজীবী সৈয়দ হায়দার আলী গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদন করেন।
তিনি বলেন, "সাঈদীর বিরুদ্ধে একাত্তরে পিরোজপুরে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা অভিযোগের তথ্য-প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার রাখা প্রয়োজন। তিনি বাইরে থাকলে তদন্ত বাধাগ্রস্ত হবে।"
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
সাঈদীর পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আদালতে বলেন, "সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য বলা হয়েছে। তবে এর কোনো যুক্তি নেই। সাঈদী একজন ইসলামী এবং রাজনৈতিক নেতা। তবে প্রভাব বিস্তার করার মতো তার কোনো বাহিনী নেই। তবে তিনি আধ্যাত্মিক নেতা।"
তখন সৈয়দ হায়দার আলী বলেন, "আসামি পক্ষের আইনজীবীর কথা থেকেই বোঝা যায়, সাঈদীর প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে। আর প্রভাব বিস্তার করে তিনি তদন্ত বাধাগ্রস্ত করতে পারেন।"
সাঈদী যুদ্ধাপরাধে জড়িত ছিলেন না দাবি করে তাজুল বলেন, জামায়াত ইসলামীর নেতা হওয়ার জন্যই তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।
এর জবাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ১৯৭১ এ তৎকালীন পাকিস্তানী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন এজাজের সঙ্গে বৈঠক করে পাকিস্তান রক্ষার অঙ্গীকার করেন সাঈদী।
এরপর আদালত ২৯ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি তা দাখিলের পর সাঈদীর আটকাদেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানায়।
প্রিজন ভ্যানে করে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। পুরোটা সময় কাঠগড়ায় ছিলেন সাঈদী।
মঙ্গলবার আদালতে প্রসিকিশন দলের পক্ষে ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ হোসেন।
জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, গোলাম মো. চৌধুরী আলাল, ফখরুল ইসাম, মাসুদ আহমেদ সাঈদ প্রমুখ।
অসুস্থ থাকলেও সাঈদীকে অ্যাম্বুলেন্সে করে হাজির করতে গত ১২ অক্টোবর নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। অসুস্থতার কারণে গত ১০ অগাস্ট নির্দেশ থাকা সত্ত্বেও সাঈদীকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর গত ২৪ অগাস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইব্যুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ৫ অগাস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬২৮ ঘ.
bdnews24