২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:08 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কারাবন্দি সাঈদীকে প্রিজন ভ্যানে করে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সংক্রান্ত আবেদনের শুনানি শুরু হয় সাড়ে ১০টায়। অসুস্থ থাকলেও সাঈদীকে অ্যাম্বুলেন্সে করে হাজির করতে গত ১২ অক্টোবর নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। গত ২২ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির সাঈদীর অনুপস্থিতিতে তার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রসিকউশন আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনালে। অসুস্থতার কারণে গত ১০ অগাস্ট নির্দেশ থাকা সত্ত্বেও সাঈদীকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর গত ২৪ অগাস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইব্যুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ৫ অগাস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১০০০ ঘ.