ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময়কার প্রশিক্ষণ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরো কঠোর ও সতর্ক হতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামসহ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, মুক্তিযোদ্ধা নয় এমন কেউ যেন মুক্তিযোদ্ধা পরিচয়ে সনদ না পায় সেজন্য নথিপত্র যাচাই-বাছাই ও পর্যালোচনার পর প্রয়োজনে তদন্ত করে সনদ ইস্যু করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী প্রয়োজনে ভারত থেকে নিয়ে আসা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে দেখারও নির্দেশ দিয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, "সরকারি চাকরির বয়স বাড়ানো, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা ও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পর থেকে মুক্তিযোদ্ধা সনদের জন্য অনেক আবেদন জমা পড়ছে।"
তিনি জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করেই সনদ দেওয়া হয়। কিন্তু তড়িঘড়ি করে সনদ দেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার সুযোগ থাকে। এতে মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিও সনদ পেয়ে যেতে পারেন।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম জানান, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা কঠোরভাবে সংরক্ষণ করা হবে।
মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে সেক্ষেত্রে তার সন্তানদের সন্তান অথবা পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জোট সরকারের সময় কোনো যাচাই-বাছাই না করেই মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট করা হয়েছে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা নয় এমন অনেকেই তালিকাভুক্ত হয়েছে।
অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাও তালিকায় স্থান পেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, "এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২২২ ঘ.
bdnews24