২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে ট্রাইবুনালে হাজির করা হবে মঙ্গলবার

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হবে মঙ্গলবার। অসুস্থ থাকলেও তাকে অ্যাম্বুলেন্সে করে সাঈদীকে ২ নভেম্বর ট্রাইবুনালে হাজির করতে গত ১২ অক্টোবর নির্দেশ দেওয়া হয়। ওই দিন শুনানির জন্য তারিখ নির্ধারিত থাকলেও সুস্থ না থাকায় তাকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। গত ২২ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমীর সাঈদীর অনুপস্থিতিতে তার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রসিকউশন আবেদনের শুনানি হয় ট্রাইবুনালে। অসুস্থতার কারণে গত ১০ অগাস্টও নির্দেশ থাকা সত্ত্বেও সাঈদীকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর গত ২৪ অগাস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইব্যুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ৫ অগাস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১২৪ ঘ.