ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলাকালীন সন্দেহভাজনকে গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ট্রাইবুনাল অ্যাক্টে সংশোধনের মাধ্যমে ট্রাইবুনাল এ ক্ষমতা পেলো।
তদন্ত চলাকালীন গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্টের কার্যপ্রণালী বিধিতে ১০টি সংশোধনী আনা হয়েছে বলে সোমবার ট্রাইবুনালের রেজিস্ট্রার শাহীনূর ইসলাম সাংবাদিকদের জানান।
ট্রাইবুনালের কার্যবিধি সংশোধনীর পর এক প্রতিক্রিয়ায় আইনজীবী প্যানেলের জ্যেষ্ঠ সদস্য গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, "এর ফলে যুদ্ধাপরাধের দায়ে সন্দেহভাজন বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুুরী এবং জামায়াত নেতা মীর কাশিম আলীকে গ্রেপ্তার করা সহজ হবে।"
সংশোধনের আগের আইন অনুযায়ী আগে শুধু অভিযোগ গঠনের পরই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতো ট্রাইব্যুনাল।
১৯৭৩-এর অ্যাক্ট অনুযায়ী ট্রাইবুনাল নিজেই এ সংশোধন করেছে বলে জানান শাহীনূর। তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট-১৯৭৩-এর ২২ ধারায় দেওয়া ক্ষমতা বলে ট্রাইবুনাল নিজেই এ সংশোধন এনেছে।"
গত ২৮ অক্টোবর এ সংশোধনী বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে।
১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে চলতি বছরের ২৫ মার্চ যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়।
ট্রাইবুনালের কার্যবিধিতে ১০টি সংশোধন আনা হয়েছে জানিয়ে সোমবার ট্রাইবুনাল রেজিস্ট্রার বলেন, "ট্রাইবুনালের চেয়ারম্যান কোনো কারণে অনুপস্থিত থাকলে অন্য দুই সদস্যের মধ্যে জ্যেষ্ঠ বিচারক চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।"
শাহীনূর জানান, কোনো ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ছাড়া অন্য কোনো মামলায় আটক থাকলে তাকেও গ্রেপ্তার দেখাতে পারবে ট্রাইব্যুনাল।
কার্যপ্রণালী বিধির অন্য সংশোধনীর মধ্যে রয়েছে, বিধির যেখানে 'প্রসিকিউশন' শব্দটি উল্লেখ রয়েছে সেখানে 'প্রসিকিউটর' শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনে অপরাধের তদন্ত শুরু হলে তাকে 'অভিযুক্ত' আখ্যায়িত করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১০৭ ঘ.
bdnews24