২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নূতন চন্দ্রের পরিবারকে আশ্রয় দিয়েছিলাম: গিকা

'৭১ সালের পর স্বর্গীয় নূতন চন্দ্র সিংহের পরিবারকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আশ্রয় দিয়েছিলো বলে দাবি করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১ সালের পর স্বর্গীয় নূতন চন্দ্র সিংহের পরিবারকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আশ্রয় দিয়েছিলো বলে দাবি করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রোববার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে রাউজান থানা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দিন এ দাবি করেন। গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনালের তদন্ত দল রাউজান উপজেলার তিনটি এলাকায় গিয়ে ১৯৭১ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করে। ওই দিন তদন্ত দলকে কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীই পাক বাহিনীকে আমাদের বাড়িতে এনে বাবাকে গুলি করে হত্যা করিয়েছিলো।" 'রাউজানে সরকারি দল কর্তৃক প্রশাসনের ছত্রছায়ায় হত্যা, হামলা, মামলা, দুর্নীতি, লুটপাট, জায়গা দখল ও বিরোধী দলবিহীন রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে' এ সংবাদ সম্মেলন করে রাউজান থানা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন দাবি করেন, "রাউজানের গুণী ব্যক্তি স্বর্গীয় নূতন চন্দ্র সিংহের বড় ছেলে সত্য সিংহ জীবিত থাকলে আজ আমার পাশেই থাকতেন। কারণ তার পরিবারকে আমরা আশ্রয় দিয়েছিলাম।" তদন্ত দলের কর্মকাণ্ডকে 'নাটক' আখ্যায়িত করে গিয়াসউদ্দিন বলেন, "পিতা নূতন চন্দ্র সিংহের সম্পত্তি আত্মসাতের জন্য প্রফুল্ল রঞ্জন সিংহ বর্তমান সরকারের পক্ষ নিয়েছেন।" বিএনপি যেন ভবিষ্যতে কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারে সে উদ্দেশ্যে রাউজান থেকে বিএনপি নেতা-কর্মীদের সরকারি দল বিতাড়িত করছে বলে দাবি করেন তিনি। দলের উপজেলা পর্যায়ের প্রায় পাঁচশ নেতাকর্মী ভয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করছে দাবি করে গিয়াসউদ্দিনন বলেন, "প্রায় এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. ছালামত আলী, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুল্লাহ আল হাসান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৫১ ঘ.