ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১।
শনিবার সকালে সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বানে নগরীর ১২ স্থান থেকে একসঙ্গে র্যালি ও পথসভা শুরু হয়। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়।
সমাবেশে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, "আমাদের হাতে বেশি সময় নেই। তাই সরকারকে মনে করিয়ে দিতে চাই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।"
ব্যরিস্টার এম আমিরুল ইসলাম বলেন, "সমাজ যদি অপরাধের বিচারের ক্ষেত্রে তার শক্তির সঠিক প্রয়োগ করতে না পারে তাহলে সমাজে অপরাধ বেড়ে যায়।"
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, "১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন অনুযায়ী ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে সংগঠিত হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী সব ধরনের অপরাধের বিচার করতে হবে।"
সমাবেশে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম, সি আর দত্ত, লেফটেন্যান্ট জেনারেল হরুনুর রশীদ, আবু ওসমান চৌধুরি প্রমুখ। সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২০৫০ ঘ.
bdnews24