২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিধবা পল্লীতে যুদ্ধাপরাধ তদন্ত দল

শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের এলাকা পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

শেরপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের এলাকা পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। শনিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবা পল্লী পরিদর্শনে যায়। সেখানে তারা ৫৯টি গণকবর পরিদর্শন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন তারা। তদন্ত দল শহীদ পরিবারের সদস্য, বিধবা, নির্যাতিত ও প্রত্যক্ষদর্শী ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করে। তদন্ত দলের সদস্য প্রসিকিউটর অ্যাডভোকেট মোকলেসুর রহমান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান এবং স্থানীয় পাক বাহিনীর দালাল ডা. আব্দুল কাদের ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।" সোহাগপুর বিধবা শহীদ পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকবাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যরা নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামের ১৮৭ জনকে গুলি করে হত্যা করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সোহাগপুর গ্রামটি 'বিধবা পল্লী' নামে পরিচিতি লাভ করে বলে জানান তিনি। পরে তদন্ত দলের সদস্যরা নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিসে একাত্তর সালে করা পাকিস্তানি বাহিনীর নির্যাতন সেল পরিদর্শন করেন। যুদ্ধাপরাধ সংঘটনের এসব স্থান পরিদর্শন শেষে বিকালে তদন্ত দল নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ ব্রিফিং করে। পরিদর্শন কার্যক্রম শুরুর আগে সকালে তারা নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাসহ গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার রাত পৌনে ১০টায় তদন্ত দল শেরপুর সার্কিট হাউসে পৌঁছেন। তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় তারা ঢাকার উদ্দেশে শেরপুর ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০২২ ঘ.