ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আরো সময় প্রয়োজন। তড়িঘড়ি করে এ বিচার করা যাবে না।
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার গতি নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান অসন্তোষ প্রকাশ করার দুদিন পর প্রতিমন্ত্রী এ কথা বললেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে কামরুল বলেন, "তড়িঘড়ি করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করা যাবে না। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে ৩৫ বছর লেগেছে। তাই এ বিচার করতেও সময় প্রয়োজন হবে।"
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় বলেছিলেন, "আমরা ভেবেছিলাম ট্রাইব্যুনাল ১০০ কিলোমিটার গতিতে ছুটবে। কিন্তু এখন দেখছি, তা চলছেই না।"
তার এ বক্তব্যের পর শুক্রবার আইন প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।
এ বছরের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধাপরাধের অভিযোগে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর শীর্ষ দুজনসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে তদন্তও চলছে।
কামরুল শনিবার বলেন, "সারাদেশে সব যুদ্ধাপরাধীর বিচার হবে। তবে গোলাম আজমের মতো যুদ্ধাপরাধীদের আগে বিচার করা হবে। এখানে প্রতীকী বিচারের সুযোগ নেই।"
মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে রায়ের পর উচ্চ আদালতে আপিলের সুযোগও রয়েছে।
বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে আইন প্রতিমন্ত্রী বলেন, "অনেক মূল ঘাতক বিএনপিতে লুকিয়ে আছে। বিএনপি'র অনেক নেতাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো। এজন্য তারা বিচার চাচ্ছে না। বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।"
খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়তে হলে সুধা সদনকে জাদুঘর বানানোর যে হুমকি যুবদল নেতারা শুক্রবার দিয়েছেন তার জবাবে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, "বিএনপির ক্ষমতা আমার জানা আছে, একাজ তারা করতে পারবে না।"
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রত্যাশা সংগঠনের উদ্যোগে 'কৃষি পদক' বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন চিত্রনায়ক ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24