ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে দিক নির্দেশনার জন্য জাতীয় কনভেশন করার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)।
একই সঙ্গে কনভেনশনের পর সারাদেশে যুদ্ধকালীন অপরাধের বিচার দাবিতে একযোগে মানববন্ধনেরও ডাক দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে জাসদ আয়োজিত যুদ্ধাপরাধ বিষয়ে এক আলোচনায় এ আহ্বান জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু।
ইনু বলেন, "জামায়াতে ইসলামীর নেতারা যুদ্ধের সময় যে অপরাধ করেছেন তা আত্মস্বীকৃত। পাকিস্তান সরকারের গঠন করা বিচারপতি হামিদুর রহমান কমিশনের কাছে জেনারেল নিয়াজী নিজেই স্বীকার করেছেন, 'বাংলাদেশে ১২ থেকে ১৫ লাখ মানুষকে তারা হত্যা করেছে। এসব অপরাধে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেছে।'"
"গণহত্যায় সমর্থন দিয়ে জামায়াত দলগতভাবে অপরাধ করেছে। তাহলে গোলাম আজম, নিজামী, মোজাহিদ আর সাঈদীর মতো অপরাধীদের বিচার কেন করা হচ্ছে না," প্রশ্ন তোলেন ইনু।
আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইনের বিভিন্ন দিক নিয়ে মুল প্রবন্ধে উপস্থাপন করেন জাসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন।
বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, জাসদের সহসভাপতি সাংসদ শাহ জিকরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, পারমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. এমএ করিম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মনিরুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০১৯ঘ.
bdnews24