২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাইরের সমর্থনও পাচ্ছে না যুদ্ধাপরাধীরা: আশরাফ

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা কোনো দেশ থেকেই সমর্থন পাচ্ছে না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীরা কোনো দেশ থেকেই সমর্থন পাচ্ছে না। বৃহস্পতিবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে যুবলীগের বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, "তারা (যুদ্ধাপরাধীরা) ভেবেছিলো বিচার শুরু হলে সৌদি আরব, পাকিস্তান ও আমেরিকা তাদের রক্ষা করবে। কিন্তু তারা কেউই আসেনি। বিশ্বে যুদ্ধাপরাধীদের কোনো বন্ধু নেই। বিশ্বের মানুষ এই অন্যায়ের বিচার চায়।" বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেজন্য এ বছরের শুরুতেই গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর প্রধান দুই নেতাসহ শীর্ষ পর্যায়ের পাঁচজন ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে যুবলীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আশরাফ। বিরোধী দলের আন্দোলনের নামে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত যুবলীগের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করা এবং নানা উদ্যোগের কারণে শেখ হাসিনার ওপর আক্রমণ আসতে পারে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।" যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের চট্টগ্রাম (দক্ষিণ) জেলার সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, চট্টগ্রাম (উত্তর) জেলার সভাপতি মোশাররফ হোসেন, মহানগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। গ্রেপ্তার হলে চট্টগ্রাম অচল করার যে হুমকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী দিয়েছেন, তার বজাবে নানক বলেন, "তিনি পরশু রাতে (মঙ্গলবার) সত্যি সত্যি যদি গ্রেপ্তার হয়ে যেতেন, আসলেই কিছু করতে পারতেন না।" ১০ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে তারেক রহমান জড়িত দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "এ চালান আটকের সঙ্গে বিরোধীদলীয় নেতার সন্তান জড়িত। এ কারণেই তার মাথা খারাপ হয়ে গেছে।" যুবলীগ সাধারণ সম্পাদক আজম যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরক গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে যুবলীগকর্মীরা অংশ নেয়। সমাবেশের কারণে নগরীর নিউমার্কেট, লালদীঘির পাড়, টেরী বাজার, কেসি দে রোড, আন্দরকিল্লা, বক্সির হাট ও এর আশেপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০১৪ ঘ.