২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও আগুন লাগানোর অভিযোগে নোয়াখালীর একটি আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

নোয়াখালী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও আগুন লাগানোর অভিযোগে নোয়াখালীর একটি আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সোনাইমুড়ি উপজেলার অম্বরনগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা এস এম শাজাহান। শুনানি শেষে হাকিম মো. এফরান মামলাটি আমলে নিয়ে সোনাইমুড়ি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন- বেগমগঞ্জ উজেলার মীরওয়ারিশপুর এলাকার আবুল কালাম ওরফে কালাম ভূঞা। বাদি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার আবুল কালাম ভূঞা মীরওয়ারিশপুর এলাকায় হত্যা, লুট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। ১৯৭১ সালের ২২ মে মুক্তিযুদ্ধের সংগঠক গুলজার হোসেনকে বেগমগঞ্জ কারিগরী বিদ্যালয়ে হানাদার পাকিস্তানি সেনাক্যাম্পে নিয়ে নির্যাতনের পর হত্যা করেন আসামি। একই দিন চৌমুহনীর পোস্ট মাস্টার আবদুর রাজ্জাককেও হত্যা করা হয়। মামলায় আরো অভিযোগ করা হয়, আবুল কালাম চৌমুহনী কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) হায়াত খানের বাড়ি লুটপাট করে আগুনে পুড়িয়ে দেন। সেনাক্যাম্পে পাকিস্তানী সেনাদের প্রমোদের জন্য গ্রামের অসহায় মেয়েদের ধরে নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধের সময় এইভাবে তিনি বহু মুক্তিযোদ্ধা পরিবারের লোকদের রাজাকারক্যাম্প ও সেনাক্যাম্পে নিয়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/১৮১২ ঘ.