২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সাকা-কাসেমকে গ্রেপ্তারের আবেদন তদন্ত শেষ হলেই'

তদন্ত শেষ হলেই সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীকে গ্রেপ্তারের আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত শেষ হলেই সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীকে গ্রেপ্তারের আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এই দুজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তদন্তে ট্রাইবুনালের একটি দল আবার চট্টগ্রাম গেছে। দুজনকে গ্রেপ্তারের উদ্যোগ এ মাসে নেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে টিপু বলেন, "নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, সব কিছুই নির্ভর করবে তদন্ত রিপোর্ট আসার পর।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের এবং জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী কমিটির সদস্য মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে গত মাসে চট্টগ্রাম যায়। একাত্তরের গণহত্যার স্থান এবং অনেকের সাক্ষ্য নেওয়ার পর তখন দলের সদস্যরা বলেন, দুজনের যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়টি তাদের তদন্তে পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে শিগগিরই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারে এ বছরের শুরুতে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরপর জামায়াতের শীর্ষ দুজনসহ পাঁচ নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৫৫ ঘ.