২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সাঈদীকে মঙ্গলবার ট্রাইবুনালে হাজির করা হচ্ছে না'

সুস্থ না হওয়ায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা সম্ভব হচ্ছে না বলে আদালতকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুস্থ না হওয়ায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা সম্ভব হচ্ছে না বলে আদালতকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "আদালতে নেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই।" ওই কর্মকর্তা জানান, নির্দেশ অনুযায়ী মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইবুনালে হাজির করানোর কথা। কিন্তু শারীরিক অসুস্থার কারণে তা হচ্ছে না। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। নির্দেশ থাকা সত্ত্বেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ২২ সেপ্টেম্বর ট্রাইবুনালে সাঈদীকে হাজির করানো সম্ভব হয়নি। ২১ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমীর সাঈদীকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়। তার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রসিকউশনের আবেদনের শুনানি তার উপস্থিতিতেই ২২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। ওইদিন সকালে সাঈদীর অনুপস্থিতিতে শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১২ অক্টোবর পরবর্তী শুনানি দিন ধার্য করে ট্রাইবুনাল। এর আগে গত ১০ অগাস্ট সাঈদীকে হাজির করার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কারণে তাকে কারা কর্তৃপক্ষ হাজির করতে পারেনি। এরপর ২৪ অগাস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইব্যুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গত ৫ অগাস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২৫১ ঘ.