খুলনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দুই 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার একটি আদালতে।
রোববার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার হান্নান শিকদার।
শুনানি শেষে হাকিম বেগম রোজিনা আকতার মামলাটি গ্রহণ করে বটিয়াঘাটা থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার তকিবুর রহমান তকিম (৭০) ও মকবুল শেখ (৭২)।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের জানান, তার মক্কেল হান্নানের বাবা আব্দুস ছাত্তার ছিলেন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৭ মে তকিম ও মকবুল তাকে ধরতে বাড়িতে হানা দেয়।
ছাত্তারকে না পেয়ে বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে ওই সময়ের হিসেবে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
পরদিন তকিম ও মকবুলসহ ১০/১২জন মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী কওছার মোল্লা নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে আনে। পরে তাকে রেডিও সেন্টারের সামনে গুলি করে হত্যা এবং গল্লামারী বধ্যভূমিতে লাখ ফেলে রেখে যায়।
এ দুটি ঘটনা ছাড়াও পাকিস্তানিদের সহায়তায় এই দুজন মুক্তিযুদ্ধের পক্ষের বহু মানুষের ঘর-বাড়ি লুটপাট ও আগুনে পুড়িয়ে দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24