২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে রাজাকার তালিকা হস্তান্তর

স্বাধীনতা যুদ্ধের সময় কুড়িগ্রামে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর রাজাকার ও দালালের তালিকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

কুড়িগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের সময় কুড়িগ্রামে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর রাজাকার ও দালালের তালিকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তালিকায় ১ হাজার ৭৪৫ জন রাজাকার এবং দালাল ও শান্তি কমিটির ১৫ জন সদস্যের নাম ও তাদের অপকর্মের বিবরণ দেওয়া হয়েছে। দালাল ও শান্তি কমিটির ১৫ জন সদস্যের মধ্যে ১৪ জন ইতোমধ্যে মারা গেছেন। জীবিত রয়েছেন ১ জন। তিনি হলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম চৌধুরী। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে এই তালিকা পেশ করেন। গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই তালিকা তৈরি করা হয়। মো. হাবিবুর রহমান প্রতিবেদনসহ তালিকা পাওয়ার কথা স্বীকার করেছেন। দাখিলকৃত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগিতা করার জন্য গঠিত তৎকালীন কুড়িগ্রাম মহকুমা শান্তি কমিটির সভাপতি ছিলেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দের অধিবাসী জামায়াত নেতা শামসুল হক খন্দকার। সাধারণ সম্পাদক ছিলেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ বেলায়েত হোসেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, সদর উপজেলায় ৩৭৯ জন, নাগেশ্বরী উপজেলায় ৪০৪ জন এবং চিলমারী উপজেলায় ২৮৫ জন রাজাকারের তালিকা করা হয়েছে। যুদ্ধের সময় বর্তমান রাজারহাট উপজেলার কিছু অংশ উলিপুরের সাথে এবং কিছু অংশ কুড়িগ্রাম মহকুমার অধীন লালমণিরহাট থানার সাথে ছিল। সে সময়কার থানা ধরে বর্তমান উলিপুর উপজেলায় (রাজারহাটের অংশ বিশেষসহ) ৩৫১ জন এবং লালমনিরহাটে (রাজারহাটের অবশিষ্ট অংশসহ) ৩২৬ জন মিলে মোট ১ হাজার ৭৪৫ জন রাজাকারের তালিকা করা হয়েছে। তিনি বলেন, "১৯৭১ সালের ৩ আগষ্ট থেকে শুরু করে ২৩ নভেম্বর পর্যন্ত এরা রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৮ ঘ.