ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সাধারণ ক্ষমার কথা ভুলে যুদ্ধাপরাধের বিচারের নামে জাতিকে 'হানাহানির' দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। (বিস্তারিত)
মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
সেইসঙ্গে খালেদা আওয়ামী লীগের এই 'দ্বৈতনীতির' বিরুদ্ধে রুখে দাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন সরকারের সমালোচনা করে বলেন, ''আজ মুক্তিযুদ্ধকেই জাতি বিভাজনের হাতিয়ারে পরিণত করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের রুখে দাঁড়াতে হবে।''
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের পরপরই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয় এবং তা এখনো চলছে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিলপত্র সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন দাবি করে খালেদা বলেন, "সেই উদ্যোগকে থামিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ইতিহাস বাদ দিয়ে রচিত হতে থাকে নানা কল্প-কাহিনী। যারা যুদ্ধ করেনি, ভারতে প্রবাস জীবনযাপন করেছে, তারাই নিজেদের মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সাজাবার চেষ্টা করে। মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা চলেছে।"
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন বিরোধী দলীয় নেতা।
মুক্তিযোদ্ধাদের সনদ বিতরণে সরকারের বিরুদ্ধে 'দলীয়করণেরও' অভিযোগ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া বলেন,''সংসদ, প্রশাসন, বিচার বিভাগ-সব কিছুই আজ দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। সামনে কেবল অন্ধকার। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের আত্মঅনুসন্ধান করতে হবে।''
১১ নম্বর সেক্টর কমাণ্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদউল্লা খানের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মাহবুব হোসেন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ, শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও অধ্যাপক মাহবুবউল্লাহ বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সাংসদ ও কেন্দ্রীয় নেতারা ।
অনুষ্ঠানের শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্সের কর্মকাণ্ডের উপর নির্মিত 'রণাঙ্গনে জিয়া' শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদসহ অন্য শিল্পীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩৪৮ ঘ.
bdnews24