২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্রোদের ঝিরির পানিতে ‘বিষ’ দেওয়ার অভিযোগে বিক্ষোভ

লামার সরই ইউনিয়নের তিনটি পাড়ার ম্রো জনগোষ্ঠীর ৪০০ একর জমি দখলের অভিযোগ বহুদিনের।

ম্রোদের ঝিরির পানিতে ‘বিষ’ দেওয়ার অভিযোগে বিক্ষোভ

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 11:12 PM

Updated : 08 Sep 2022, 11:12 PM

জমি দখল করতেই বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর খাবার পানির ঝিরিতে (ছড়া) ‘বিষ দেওয়া হয়েছে’ অভিযোগ করে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ঢাকার কয়েকটি আদিবাসী ছাত্র সংগঠন।

বৃহস্পতিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়।

বক্তার অভিযোগ করেন, গত ৬ সেপ্টেম্বর লামার লাংকম ম্রো পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়া ও রেংয়েন ম্রো কারবারি পাড়ার বাসিন্দাদের পানির একমাত্র উৎস ঝিরিতে বিষ দিয়েছে দুর্বৃত্তরা।

লামা রাবার কোম্পানির লোকজন তাদের ভূমি দখলের উদ্দেশে খাবার পানিতে বিষ দিয়েছে অভিযোগ করে বলা হয়, এতে ঝিরির মাছ, চিংড়ি ও কাকড়া মারা যাচ্ছে।

লামার সরই ইউনিয়নের তিনটি পাড়ার ম্রো জনগোষ্ঠীর ৪০০ একর জমি দখলের অভিযোগ বহুদিনের।

আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ দাবি করেন, ওই এলাকা থেকে ম্রো জনগোষ্ঠীকে উচ্ছেদ করতে চায় রাবার বাগান কোম্পানি।

“ভূমি দখল করতে লামা রাবার বাগান কোম্পানি প্রথমে সেখানকার আদিবাসীদের ভাতে মারার চেষ্টা করেছে। ম্রো ও ত্রিপুরাদের জুম চাষাবাদের জমিতে আগুন দিয়েছিল।

“এরপর যখন ম্রোদের জায়গা চুম্বক পাহাড়ে সরকার ফাইভ স্টার হোটেল করতে চেয়েছিল, তখন আদিবাসীদের আন্দোলনে তারা তা বাস্তবায়ন করতে পারেনি।

“যার ফলে তাদের অনেক রাগ ও ক্ষোভ রয়েছিল। সমস্ত রাগ ও ক্ষোভ নিয়ে আজকে লামার আদিবাসীদের খাবার পানির উৎসে বিষ প্রয়োগ করা হয়েছে।”

সমাবেশে আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই বলেন, “আমরা পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করি, আমরা সব সময় এক ধরনের অনিরাপত্তার মধ্যেই বসবাস করি।

“১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য যে চুক্তি হয়েছিল, ২৫ বছর অতিবাহিত হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এই ২৫ বছরে বহু মানুষের ভূমি দখল, লুটপাট ও নিপীড়ন হয়েছে।”

সরকারের নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক কমিশন ও মন্ত্রণালয় গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল।

“কিন্তু সেটাও বাস্তবায়ন হচ্ছে না। সরকারি বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায়, আমরা দেখছি, প্রতিনিয়ত আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে।

“ম্রো জনগোষ্ঠীর কয়েকটি পাড়ার খাবার পানির উৎসে বিষ প্রয়োগ সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।”

কর্মসূচির সভাপতি বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি চ্যংয়ুং ম্রো বলেন, “যারা বিষ প্রয়োগ করেছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

“আদিবাসীদের দখল করা জমি ফিরিয়ে দিতে হবে। ভূমি রক্ষার জন্য যারা আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।”

সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, আদিবাসী যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংঠন অংশ নেয়। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাবেশে সংহতি জানিয়েছে।