২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের প্রশংসায় ডব্লিউএইচও প্রধান

কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ দারুণ সাফল্য দেখিয়েছে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 12:43 PM

Updated : 24 Jan 2024, 12:43 PM

সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ দারুণ সাফল্য দেখিয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “ডব্লিউএইচওর মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।”

কমিউনিটি হেলথ ক্লিনিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি উদ্ভাবন’ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টির বেশি ওষুধ পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।”

মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলোর সাথে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায় বলেও মহাপরিচালককে জানিয়েছেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।  সংবাদসূত্র: বাসস

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)